কর্মদক্ষতা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসেবায় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শেরপুর সদর থানার দায়িত্ব নেন খোকন চন্দ্র ঘোষ। দায়িত্ব গ্রহণের পর সেপ্টেম্বর মাসে থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। তাঁর নেতৃত্বের পাশাপাশি থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা এ স্বীকৃতি অর্জনে ভূমিকা রেখেছে।
জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার পর খোকন চন্দ্র ঘোষ এ অর্জনের কৃতিত্ব সহকর্মীদের দিয়েছেন। তিনি বলেন, এই সম্মাননা ব্যক্তিগত কোনো অর্জন নয়; বরং থানার সব কর্মকর্তা ও পুলিশ সদস্যের নিষ্ঠা, সততা এবং সম্মিলিত পরিশ্রমের ফল।
তিনি আরও জানান, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ এবং জনগণকে কার্যকর পুলিশি সেবা দেওয়াই তাঁদের প্রধান দায়িত্ব। অর্জিত স্বীকৃতি ভবিষ্যতে আরও আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে পুলিশ সদস্যদের উৎসাহিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় শেরপুরের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে খোকন চন্দ্র ঘোষ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমুক্ত সমাজ গঠনের প্রচেষ্টা অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।
সদ্য সংবাদ/এসএস