বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৬ ১৫:৪১:১১
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং মিয়ানমারে তাদের প্রত্যাবাসন শুরু করতে নতুন করে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার। এ ক্ষেত্রে অতীতে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের অভিজ্ঞতাকে কাজে লাগানোর পাশাপাশি জাতিসংঘ, চীন, আসিয়ানভুক্ত দেশ ও অন্যান্য আন্তর্জাতিক অংশীদারের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম একান্ত সাক্ষাৎকারে এ পরিকল্পনার কথা জানিয়েছেন। তাঁর মতে, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে মিয়ানমারের সঙ্গে রাজনৈতিক যোগাযোগের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সম্পৃক্ততা প্রয়োজন।

প্রতিমন্ত্রী বলেন, অতীতে বিএনপি সরকারের সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের যেসব অভিজ্ঞতা রয়েছে, সেগুলো বর্তমান উদ্যোগে কাজে লাগাতে চায় সরকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলে রোহিঙ্গা সংকট মোকাবিলায় নেওয়া কূটনৈতিক উদ্যোগগুলোও নতুন করে পর্যালোচনা করা হচ্ছে।

তিনি জানান, ১৯৭৮ সালে মিয়ানমার থেকে প্রায় দুই লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। পরবর্তী সময়ে বাংলাদেশ ও তৎকালীন বার্মার মধ্যে সমঝোতার ভিত্তিতে ১৯৭৯ সালের ডিসেম্বরের মধ্যে তাঁদের প্রত্যাবাসন সম্পন্ন হয়। একইভাবে ১৯৯২ সালে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের পর খালেদা জিয়ার সরকারের সময়ে প্রায় দুই লাখ ৩৬ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

শামা ওবায়েদের ভাষ্য, অতীতের এসব অভিজ্ঞতা থেকে বোঝা যায়, মিয়ানমারের সঙ্গে ধারাবাহিক আলোচনা এবং আন্তর্জাতিক অংশীদারদের কার্যকর ভূমিকা থাকলে প্রত্যাবাসনের পথ তৈরি করা সম্ভব।

২০১৭ সালে রোহিঙ্গাদের ব্যাপক অনুপ্রবেশের সময় খালেদা জিয়ার মানবিক অবস্থানের কথাও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, সে সময় বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছিলেন খালেদা জিয়া।

দীর্ঘস্থায়ী সংকটে বাড়ছে চাপ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মতে, বিপুলসংখ্যক রোহিঙ্গাকে দীর্ঘ সময় ধরে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের অর্থনীতি, সমাজ ও নিরাপত্তার ওপর চাপ বাড়ছে। বিশেষ করে শরণার্থীশিবিরের আশপাশে বসবাসকারী স্থানীয় জনগোষ্ঠীও নানা সমস্যার মুখে পড়ছে।

তিনি জানান, বাংলাদেশে বর্তমানে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা অবস্থান করছেন। শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারের বেশি শিশুর জন্ম হচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক মানবিক সহায়তার অর্থায়ন কমে যাওয়ায় খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও আশ্রয়ের মতো মৌলিক সেবা নিশ্চিত করাও কঠিন হয়ে উঠছে।

এ অবস্থায় কেবল মানবিক সহায়তা দিয়ে দীর্ঘদিন সংকট সামাল দেওয়ার পরিবর্তে প্রত্যাবাসন শুরু করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানান তিনি। শামা ওবায়েদের ভাষায়, সরকার অন্তত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে চায়।

ত্রিপক্ষীয় উদ্যোগে অগ্রগতি না হওয়ার দাবি

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরে শামা ওবায়েদ বলেন, আগের কিছু উদ্যোগে জাতিসংঘ ও আন্তর্জাতিক অংশীদারদের ভূমিকা তুলনামূলকভাবে বেশি ছিল। তবে বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে নিয়ে আওয়ামী লীগ সরকারের সময়ে গঠিত ত্রিপক্ষীয় প্রক্রিয়া প্রত্যাশিত ফল আনতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।

বর্তমান সরকার এ কারণে জাতিসংঘের পাশাপাশি চীন, আসিয়ানভুক্ত দেশ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র এবং অন্যান্য প্রভাবশালী অংশীদারকে আরও সক্রিয়ভাবে যুক্ত করতে চায়। জাতিসংঘের সম্পৃক্ততা বাড়লে সংকট সমাধানের প্রচেষ্টা আরও কার্যকর হতে পারে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত ও পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির কারণে প্রত্যাবাসনের পথ আরও জটিল হয়েছে বলেও জানান তিনি। দেশটির কর্তৃপক্ষের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ রাখছে বাংলাদেশ। তবে এসব যোগাযোগ সহজ নয় বলে স্বীকার করেন তিনি।

জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত উচ্চপর্যায়ের এক পার্শ্ববৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচটি প্রস্তাব তুলে ধরেন।

প্রস্তাবগুলোর মধ্যে ছিল নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের রূপরেখা তৈরি, বেসামরিক মানুষের ওপর সহিংসতা বন্ধ, ধারাবাহিক মানবিক সহায়তা নিশ্চিত করা, ন্যায়বিচার ও জবাবদিহি জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো।

পরদিন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণেও প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান তাদের নিরাপদে মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার মধ্যেই নিহিত। সংকটের উৎপত্তি মিয়ানমারে হওয়ায় এর সমাধানের দায়িত্বও দেশটির ওপর বর্তায় বলে তিনি উল্লেখ করেন।

নিউইয়র্ক সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালেহের সঙ্গেও রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।

চীন ও আসিয়ানের সহযোগিতায় গুরুত্ব

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন শামা ওবায়েদ। তাঁর মতে, মিয়ানমারের ওপর বেইজিংয়ের প্রভাব থাকায় প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে দেশটি কার্যকর ভূমিকা রাখতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় এ বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ ছাড়া ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ফিলিপাইনসহ আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে যোগাযোগ জোরদার করছে বাংলাদেশ। মিয়ানমারের সঙ্গে এসব দেশের সম্পর্ককে কাজে লাগিয়ে সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা সরকারের।

তুরস্কসহ অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশও বাংলাদেশের কূটনৈতিক উদ্যোগে সহায়তার আগ্রহ দেখিয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রত্যাবাসন শুরু করাই মূল লক্ষ্য

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত, নিরাপত্তা পরিস্থিতি এবং বিভিন্ন কর্তৃপক্ষের উপস্থিতির কারণে রোহিঙ্গা সংকটের সমাধান দ্রুত হবে না বলে সতর্ক করেন শামা ওবায়েদ। তবে প্রত্যাবাসনের যোগ্য রোহিঙ্গাদের পরিচয় যাচাই ও শনাক্তকরণের কাজ অব্যাহত রয়েছে। এ প্রক্রিয়া দ্রুত শেষ করতে মিয়ানমারকে বারবার আহ্বান জানানো হচ্ছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দ্বিপক্ষীয় যোগাযোগ, জাতিসংঘের সম্পৃক্ততা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাবে সরকার।

তাঁর মতে, রোহিঙ্গাদের অনির্দিষ্টকাল আশ্রয় দিয়ে যাওয়ার পরিবর্তে এমন পরিবেশ তৈরি করা জরুরি, যাতে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন বাস্তবে শুরু করা যায়।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মালয়ে‌শিয়ার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের সদ্য. উত্তরা-আজমপুরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচল সদ্য. উত্তরার ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সদ্য. ডেঙ্গু মোকাবিলায় সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপে ছত্রভঙ্গ সদ্য. নভেম্বরে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার চেষ্টা চলছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী সদ্য. সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই সদ্য. মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ সদ্য. মালয়ে‌শিয়ার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের সদ্য. উত্তরা-আজমপুরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচল সদ্য. উত্তরার ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সদ্য. ডেঙ্গু মোকাবিলায় সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপে ছত্রভঙ্গ সদ্য. নভেম্বরে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার চেষ্টা চলছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী সদ্য. সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই সদ্য. মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ