রাজধানীর উত্তরায় শ্রমিক অসন্তোষ ও কর্মস্থলে উত্তেজনাকর পরিস্থিতির অভিযোগে পাঁচটি পোশাক কারখানার উৎপাদনসহ অধিকাংশ কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকাশিত পৃথক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বন্ধের আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো ভার্সেটাইল ফ্যাশনস (প্রা.) লিমিটেড, এমব্রেলা লিমিটেড, নাইস অ্যাপারেলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ড্যাজলিং ড্রেসেস লিমিটেড এবং ওলিও অ্যাপারেলস লিমিটেড।
কারখানা কর্তৃপক্ষের নোটিশ অনুযায়ী, গত ১২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত শ্রমিকদের একটি অংশ বিভিন্ন দাবিতে কর্মস্থলে উপস্থিত হয়েও কাজে অংশ নেননি। এ সময় কাজে ফেরার অনুরোধ জানানো হলেও পরিস্থিতির উন্নতি হয়নি বলে দাবি কর্তৃপক্ষের। বরং কর্মস্থলে উত্তেজনা ও ভীতিকর পরিবেশ তৈরি হওয়ার অভিযোগ তোলা হয়েছে।
নোটিশে আরও বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে কারখানার কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা এবং প্রতিষ্ঠানের সম্পদ সুরক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এ অবস্থায় স্বাভাবিকভাবে কারখানা পরিচালনা সম্ভব না হওয়ায় কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ১৩(১) ধারা উল্লেখ করে জারি করা নোটিশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলোর নিরাপত্তা বিভাগ ছাড়া অন্য সব বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। কারখানাগুলো কবে আবার চালু হবে, তা পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে।
সদ্য সংবাদ/এসএস