চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তিন নারীসহ সাতজনকে আটক করেছে পুলিশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজনের সঙ্গে তারা জড়িত ছিলেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সাতজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-আসিফ মাহমুদ (১৬), সুফিয়া বেগম (৫০), শারমিন আক্তার (৩০), শারমিন বেগম (২৭), মোহাম্মদ সানি (১৭), হাবিবুর রহমান (১৯) ও নুরুল হাকিম রাব্বি (২৫)।
পুলিশের দাবি, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
পুলিশ সূত্রে জানা গেছে, নুরুল হাকিম রাব্বি এর আগে নগরের পাঁচলাইশ এলাকায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত কেক কাটার অনুষ্ঠানে ছিলেন। পরে তিনি বায়েজিদ এলাকার একটি বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ করতে গেলে পুলিশ তাকে আটক করে। এরপর একই ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আরও কয়েকজনকে আটক করা হয়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানান, অক্সিজেন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তিন নারীসহ সাতজনকে আটক করা হয়েছে।
তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের কথিত ঝটিকা কর্মসূচি ও সমাবেশ ঠেকাতে পুলিশের অভিযান চলমান রয়েছে।
সদ্য সংবাদ/এসএস