বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি ও সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণের দাবিতে রাজধানীর উত্তরায় পোশাকশ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার টানা তৃতীয় দিনের মতো আজমপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। এতে আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় যান চলাচল বন্ধ হয়ে বিমানবন্দর সড়ক পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে তাঁদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন। অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে কর্মস্থলগামী মানুষ, সাধারণ যাত্রী ও পথচারীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, বকেয়া বেতন পরিশোধের পাশাপাশি মজুরি বাড়িয়ে সর্বনিম্ন মূল বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। তাঁদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান দামের মধ্যে বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে বকেয়া বেতন ও অন্যান্য দাবি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেও কাঙ্ক্ষিত সমাধান পাননি তাঁরা।
এ কারণে দাবি আদায়ে রাজপথে নেমেছেন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। তাঁদের ভাষ্য, দাবিগুলোর বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।
এদিকে, সড়কে যান চলাচল স্বাভাবিক করা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অবস্থান করছে শিল্প পুলিশ ও থানা পুলিশ। তারা শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে যাননি। ফলে আজমপুর, রাজলক্ষ্মী ও বিমানবন্দর সড়কসংলগ্ন এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়নি।
সদ্য সংবাদ/এসকে