দীর্ঘদিন ধরে আমানতের টাকা তুলতে ভোগান্তিতে থাকা গ্রাহকদের জন্য স্বস্তির খবর দিয়েছে ন্যাশনাল ব্যাংক। স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম শুরুর প্রথম দিনেই গ্রাহকদের ফুল দিয়ে স্বাগত জানানোর পাশাপাশি চাহিদা অনুযায়ী টাকা ফেরত দেওয়া শুরু করেছে বেসরকারি এই ব্যাংক। গ্রাহকদের মিষ্টি ও কফি দিয়ে আপ্যায়ন করতেও দেখা গেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর দিলকুশায় ন্যাশনাল ব্যাংকের একটি শাখায় এমন চিত্র দেখা যায়। গ্রাহকদের স্বাগত জানাতে শাখাটি বেলুন দিয়ে সাজানো হয়। প্রবেশপথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ব্যাংকের কর্মীরা গ্রাহকদের হাতে ফুল তুলে দেন। একই সঙ্গে চলতে থাকে আমানতের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম।
ব্যাংকটিতে টাকা তুলতে আসা গ্রাহকদের অনেককেই নতুন নোট দেওয়া হচ্ছে। পাশাপাশি মিষ্টিমুখ করানো ও কফি দিয়ে আপ্যায়ন করা হচ্ছে তাদের।
শাখার কর্মকর্তারা জানান, গত ১১ অক্টোবর টাকা উত্তোলনের জন্য যেসব গ্রাহক আবেদন করেছিলেন, তাদের চাহিদা অনুযায়ী অর্থ দেওয়া হচ্ছে। এ ছাড়া মানবিক ও বিশেষ বিবেচনায় অন্য গ্রাহকদেরও টাকা ফেরত দেওয়া হচ্ছে। তবে কেউ বড় অঙ্কের টাকা তুলতে চাইলে তাকে কয়েক দিন পর আসতে বলা হচ্ছে।
এর আগে, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) ন্যাশনাল ব্যাংককে সাত হাজার কোটি টাকা ঋণ দেয় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নিশ্চয়তায় দেওয়া এই অর্থ গ্রাহকদের আমানত ফেরত দেওয়া এবং ব্যাংকটির স্বাভাবিক লেনদেন কার্যক্রম সচল করতে সহায়তা করবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ন্যাশনাল ব্যাংকের অনেক গ্রাহক চাহিদামতো আমানতের টাকা তুলতে পারছিলেন না। এ নিয়ে সম্প্রতি ব্যাংকটির চার আমানতকারী আদালতের দ্বারস্থ হন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন। পরে বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের নজরে আসে।
ব্যাংকটির লেনদেন স্বাভাবিক করতে উদ্যোগ নেওয়ার জন্য সরকার বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের বৈঠক হয়। বৈঠকে ১৫ অক্টোবর থেকে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম চালুর নির্দেশনা দেওয়া হয়। পরে ব্যাংকটির পরিচালনা পর্ষদও এ সিদ্ধান্তে সম্মতি দেয়।
এই উদ্যোগের অংশ হিসেবে সোনালী ব্যাংক থেকে সাত হাজার কোটি টাকা ঋণ নিয়ে বৃহস্পতিবার থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে ন্যাশনাল ব্যাংক।
দীর্ঘদিনের ভোগান্তির পর গ্রাহকেরা চাহিদা অনুযায়ী আমানতের টাকা তুলতে পারায় ব্যাংকটির শাখায় স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। তবে বড় অঙ্কের অর্থ উত্তোলনের ক্ষেত্রে অপেক্ষা করতে বলা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সদ্য সংবাদ/এসকে