আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে পাঁচ দিনের ছুটি কার্যকর হতে যাচ্ছে। আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ব্যাংকের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে। তবে ছুটির আগে সাপ্তাহিক বন্ধের দিন শনিবার, ১৭ অক্টোবর ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (১১ অক্টোবর) রাতে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটিসংক্রান্ত প্রজ্ঞাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে ২০, ২১ ও ২২ অক্টোবর-মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার-দুর্গাপূজা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। এর পরের দুই দিন শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে মোট পাঁচ দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা অ্যানালিটিকস বিভাগের (এসডিএডি) পরিচালক মো. আব্দুল মান্নানের সই করা নির্দেশনায় ছুটির আগের শনিবার ব্যাংক খোলা রাখার বিষয়টিও স্পষ্ট করা হয়েছে। সে অনুযায়ী, ১৭ অক্টোবর সব তফসিলি ব্যাংকে স্বাভাবিক সময়সূচিতে লেনদেন চলবে।
তবে ছুটির মধ্যেও আমদানি-রপ্তানি বাণিজ্য পুরোপুরি বন্ধ না রাখতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। সমুদ্র, স্থল ও বিমানবন্দর এবং বন্দর ও কাস্টমস এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলোতে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সীমিত পরিসরে আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম চালু রাখতে হবে।
এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকগুলো স্থানীয় প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ বিষয়ে ২০১৯ সালের ৫ আগস্ট জারি করা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সদ্য সংবাদ/এসএস