জাতীয় সংসদের পদত্যাগ করা সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার (১২ অক্টোবর) নির্বাচনের বিস্তারিত সময়সূচি প্রকাশ করে কমিশন।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের আগামী ২৬ অক্টোবরের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৮ অক্টোবর এবং ওই আপিল নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর।
তফসিলের পরবর্তী ধাপে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন রাখা হয়েছে ১ নভেম্বর। পরদিন ২ নভেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ চলবে ১২ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এর আগে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এ প্রেক্ষাপটে গত ১ অক্টোবর তাঁকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়টি সামনে আসে।
পরে ওই দিনই জাতীয় সংসদে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন মিষ্টি। এরপর তাঁর আসনটি শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে গেজেট প্রকাশ করা হয়।
শূন্য হওয়া আসনটিতে নতুন প্রতিনিধি নির্বাচনের জন্য এবার উপনির্বাচনের তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন।
সদ্য সংবাদ/এসএস