সারের ডিলার হলেন সাংসদের ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের বউ

স
সদ্য সংবাদ ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬ ০১:২৫:০০
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নানের ছেলে, ভগ্নিপতি এবং ভাগিনার স্ত্রীকে নতুন সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত শুক্রবার প্রকাশিত নিয়োগের তালিকা ঘিরে স্বজনপ্রীতি ও অর্থের বিনিময়ে ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দেওয়ার অভিযোগ তুলে স্থানীয় বিএনপির একাংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছে।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় ও প্রকাশিত তালিকা অনুযায়ী, নাসিরনগরের ১৩টি ইউনিয়নে একজন করে মোট ১৩ জনকে নতুন সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় বিএনপির একাধিক নেতার দাবি, গোকর্ণ ইউনিয়নে নিয়োগ পাওয়া মোহাম্মদ আদনান সাদী সংসদ সদস্যের ছেলে। গোয়ালনগর ইউনিয়নে ডিলার হওয়া নুরুন্নাহার আক্তার তাঁর ভাগিনা শরীফুল ইসলামের স্ত্রী। আর সদর ইউনিয়নে নিয়োগ পাওয়া আরক মিয়া এমপি এম এ হান্নানের আপন ভগ্নিপতি। আরক মিয়া নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা কমিটির সাবেক সভাপতি আসাদ চৌধুরীর ভাই বলেও জানা গেছে।

বিএনপির কয়েকটি সূত্রের দাবি, সংসদ সদস্যের ভাগিনা শরীফুল ইসলাম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোয়ালনগর থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন। এ উদ্দেশ্যেই তাঁর স্ত্রী নুরুন্নাহারের নামে সার ডিলারশিপ নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। নুরুন্নাহারের শ্বশুর সাদেক মিয়া চাতলপাড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক।

নিয়োগের তালিকা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘সারের ডিলারে আওয়ামী লীগের দোসর!!! এমন হলে আওয়াজ তুলুন, দরকার হলে ঐ আকামে যারা জড়িত তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ নিয়ে লিখুন।’

গুনিয়াউক ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘নাসিরনগর উপজেলায় সারের ডিলার, চাউলের ডিলার পেতে বিএনপির কর্মী লাগে না। তেল ঠিক জায়গামতো দিলেই হয়। খাঁটি আওয়ামী লীগের হলেও সমস্যা নাই।’

তবে স্বজনপ্রীতি ও অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সংসদ সদস্য এম এ হান্নান। তাঁর ভাষ্য, সরকারি নিয়ম ও বিধিবিধান মেনেই তাঁর ছেলে, ভগ্নিপতি ও ভাগিনার স্ত্রী ডিলারশিপ পেয়েছেন। সংশ্লিষ্ট তিন ইউনিয়নে তাঁদের তুলনায় যোগ্য কোনো আবেদনকারী ছিলেন না বলেও দাবি করেন তিনি।

অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের অভিযোগ প্রসঙ্গে এম এ হান্নান বলেন, ‘এটা আমাদের বাংলাদেশের মানুষের সমস্যা। এটা সম্পূর্ণ গুজব। কোনোটাই সত্য নয়।’

নতুন নিয়োগ পাওয়া অন্য কয়েকজনের রাজনৈতিক ও পারিবারিক পরিচয় নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, বুড়িশ্বর ইউনিয়নের জসিম মিয়া আগে নিষিদ্ধ যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক ওরফে দানা মিয়ার ভাগিনা।

কুন্ডা ইউনিয়নে নিয়োগ পাওয়া রেনু মিয়া স্থানীয় যুবদল সভাপতি অনু মিয়ার ভাই। এর আগে অনু মিয়ার ডিলারশিপ বাতিল হওয়ার পর এবার তাঁর ভাই নিয়োগ পেয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ফান্দাউক ইউনিয়নের শারমীন আক্তার ইউনিয়ন যুবদল সভাপতি ফয়েজ আনসারির স্ত্রী। তবে তাঁদের কেউই আগে সার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না বলে জানা গেছে। অন্যদিকে, চাতলপাড়ের শামীমা আক্তারের স্বামী আলমগীর হোসেন ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ এ কে একরামুজ্জামানের পক্ষে কাজ করায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বহিষ্কৃত হয়েছিলেন। হরিপুর ইউনিয়নের আরিফুল ইসলাম ঢাকায় আসবাবপত্রের ব্যবসা করেন।

সার ডিলার নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিধি অনুযায়ী, ডিলারশিপ পেতে আবেদনকারীর কমপক্ষে ২৫ টন সার ধারণক্ষমতার গুদাম থাকতে হয়। গুদামটির দৈর্ঘ্য ২০ ফুট, প্রস্থ ১৫ ফুট এবং উচ্চতা ১০ ফুট হওয়া বাধ্যতামূলক। তবে নাসিরনগরে নতুন নিয়োগ পাওয়া অনেক ডিলারের গুদাম এই নির্ধারিত মান পূরণ করে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

উপজেলা ছাত্রদল, যুবদল ও বিএনপির অন্তত ২০ জন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন ডিলারদের তালিকায় দলের ত্যাগী নেতাদের কেউ স্থান পাননি বলে তাঁদের অভিযোগ। নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের দুই নেতা ও বিএনপির দুই নেতা অর্থের বিনিময়ে ডিলারশিপ বরাদ্দের অভিযোগ শুনেছেন বলেও জানিয়েছেন।

নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন বলেন, আবেদনকারীদের যাচাই-বাছাই করে তাঁদের নামের তালিকা জেলা পর্যায়ে পাঠানো হয়েছিল। সেখান থেকে কীভাবে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়েছে, তা তাঁর জানা নেই।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা এমরান বলেন, ‘আমি সরকারি চাকরি করি। সংসদ সদস্যরা প্রতিটি কমিটির উপদেষ্টা। এর বাইরে আমার কিছু বলার নেই।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার ১০১টি ইউনিয়ন ও পাঁচটি পৌরসভায় মোট ১০৬টি সার ডিলারশিপের বিপরীতে ৮২৫ জন আবেদন করেছিলেন। জেলা সার ও বীজ মনিটরিং কমিটি প্রতিটি ইউনিয়নের জন্য অগ্রাধিকার ভিত্তিতে তিনজন করে প্রার্থীর নাম সুপারিশ করে সার ডিলারসংক্রান্ত কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির কাছে পাঠায়। পরে কেন্দ্রীয় কমিটি মোট ২৯২ জনের আবেদন চূড়ান্ত সুপারিশের জন্য অনুমোদন করে। সূত্র: ইত্তেফাক

সদ্য সংবাদ/ এআর

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রিয়াদে আবারও একাধিক শক্তিশালী বিস্ফোরণ সদ্য. ছয় ঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, ছড়িয়ে পড়েছে পাশের ভবনে সদ্য. দুর্গাপূজায় দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন সদ্য. রিয়াদে আহত ৪ বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক সদ্য. ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. সারের ডিলার হলেন সাংসদের ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের বউ সদ্য. চার দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. উত্তরার বারে ডিবির অভিযান, আটক ৪৭ সদ্য. রিয়াদে আবারও একাধিক শক্তিশালী বিস্ফোরণ সদ্য. ছয় ঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, ছড়িয়ে পড়েছে পাশের ভবনে সদ্য. দুর্গাপূজায় দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন সদ্য. রিয়াদে আহত ৪ বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক সদ্য. ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. সারের ডিলার হলেন সাংসদের ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের বউ সদ্য. চার দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. উত্তরার বারে ডিবির অভিযান, আটক ৪৭