পটুয়াখালীর মহিপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৮৬ পিস ইয়াবাসহ মো. রাসেল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে মহিপুর থানাধীন চর ধুলাসার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গঙ্গামতি এলাকায় এ অভিযান চালানো হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় পরিচালিত অভিযানে রাসেলের কাছ থেকে ২৮৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মহিপুর থানায় নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার মাধ্যমে মাদকের অবৈধ বিস্তার রোধ এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষার প্রত্যাশা করছেন সচেতন মহল।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, “মাদকের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরের পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতাও প্রয়োজন।”
সদ্য সংবাদ/ এআর