মুন্সীগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এবং পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য জনাব আব্দুল হাইয়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মুন্সীগঞ্জ জেলা শাখা।
এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবির মুন্সীগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃবৃন্দ বলেন, জনাব আব্দুল হাইয়ের ইন্তেকালে মুন্সীগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জেলার আপামর জনগণের সঙ্গে এক নিবিড় সম্পর্ক গড়ে তুলেছিলেন। জাতীয় রাজনীতি থেকে শুরু করে স্থানীয় পর্যায় পর্যন্ত তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তা মুন্সীগঞ্জবাসী দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।
তারা আরও উল্লেখ করেন, তাঁর দীর্ঘ অভিজ্ঞতাপূর্ণ রাজনৈতিক পথচলা, দূরদর্শী নেতৃত্ব এবং সামাজিক অবদান মুন্সীগঞ্জের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে। তাঁর এই চিরবিদায়ের মাধ্যমে প্রবীণ রাজনৈতিক নেতৃত্বের একটি অত্যন্ত পরিচিত ও সমৃদ্ধ অধ্যায়ের অবসান ঘটলো।
বিবৃতিতে ছাত্রশিবির নেতৃবৃন্দ মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মরহুমের জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। একইসঙ্গে তাঁর পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। আমিন।
সদ্য সংবাদ/এসকে