চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের অনলাইন ভ্যাট রিটার্ন জমা দেওয়ার জন্য করদাতাদের আরও ১০ দিন সময় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ অক্টোবর পর্যন্ত রিটার্ন দাখিল করা যাবে। এ সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে কোনো জরিমানা দিতে হবে না।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় এনবিআর।
সংস্থাটি জানিয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের মাধ্যমে মূল্য সংযোজন কর (ভ্যাট) আইনে কিছু সংশোধন করা হয়েছে। নতুন বিধান অনুযায়ী অনলাইনে রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হচ্ছে। এ কারণে করদাতাদের সুবিধার্থে সময়সীমা বাড়ানো হয়েছে।
এর আগে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের ভ্যাট রিটার্ন জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত ছিল ১৫ অক্টোবর। তবে ইলেকট্রনিক ভ্যাট ব্যবস্থায় সংশোধন ও কারিগরি পরিবর্তনের কাজ চলায় নির্ধারিত সময়ের পরিবর্তে এখন ২৫ অক্টোবর পর্যন্ত রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকছে।
এনবিআরের এ সিদ্ধান্তের ফলে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট করদাতারা বাড়তি সময়ের মধ্যে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করতে পারবেন। নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে বিলম্বজনিত জরিমানা দিতে হবে না বলে জানিয়েছে সংস্থাটি।
সদ্য সংবাদ/এসএস