লিওনেল মেসির পর আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরো। প্রধান কোচ লিওনেল স্কালোনি ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারকে নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন।
মেসির আন্তর্জাতিক অধ্যায়ের পর আর্জেন্টিনার নেতৃত্ব কে দেবেন, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। শেষ পর্যন্ত সেই প্রশ্নের উত্তর মিলেছে রোমেরোর হাতে অধিনায়কের আর্মব্যান্ড তুলে দেওয়ার মধ্য দিয়ে।
তবে বিষয়টি হঠাৎ করে চূড়ান্ত হয়নি। আর্জেন্টিনার কোচিং স্টাফ অনেক আগে থেকেই রোমেরোকে নেতৃত্বের জন্য বিবেচনা করছিলেন বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস। গ্যাস্টন এদুলের তথ্য অনুযায়ী, বিশ্বকাপের কয়েক মাস আগেই স্কালোনি ও তার সহযোগীরা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন।
মেসির পাশাপাশি নিকোলাস ওটামেন্দির আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর পর রোমেরোকেই নেতৃত্বের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল। দীর্ঘদিন ধরে জাতীয় দলের রক্ষণভাগের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করা এই সেন্টার-ব্যাক এবার মাঠে দল পরিচালনার দায়িত্বও পেলেন।
আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের সময়ও রোমেরো ছিলেন দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়। ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপ জয়ের অভিযানে জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
এখন নতুন অধিনায়ক হিসেবে তার সামনে বড় চ্যালেঞ্জ হবে মেসি-পরবর্তী দলকে নেতৃত্ব দেওয়া। গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজসহ দলের অভিজ্ঞ খেলোয়াড়দের সহযোগিতা নিয়ে নতুন এই অধ্যায় শুরু করবে আর্জেন্টিনা।
মেসি-ওটামেন্দির বিদায়ের পর রোমেরোর নেতৃত্বে আলবিসেলেস্তেরা নতুন প্রজন্ম ও অভিজ্ঞতার সমন্বয়ে নিজেদের পরবর্তী ফুটবল চক্র এগিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
সদ্য সংবাদ/এসএস