সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। একই ঘাটে দুই দলের পৃথক কর্মসূচি ঘিরে উত্তেজনার আশঙ্কায় নৌকাবাইচ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। পাশাপাশি ৪ সেপ্টেম্বর থেকে কালীগঞ্জ নৌকা ঘাট এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর করা হয়েছে।
জানা গেছে, কালীগঞ্জ ঘাটে নৌকাবাইচ আয়োজনের জন্য আলাদাভাবে প্রস্তুতি নিচ্ছিল দুই রাজনৈতিক দল। জামায়াতে ইসলামী ৪ ও ৫ সেপ্টেম্বর এবং বিএনপি ৭ থেকে ৯ সেপ্টেম্বর প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেয়। একই জায়গায় পৃথক সময়ে দুই আয়োজনের প্রস্তুতি চলায় বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ তৈরি হয়।
নৌকাবাইচে অতিথি হিসেবে একই ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়। দুই পক্ষের আমন্ত্রণ তালিকায় প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ও জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খানকে রাখা হয়।
বিএনপির নৌকাবাইচ উদযাপন কমিটির আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য সেলিম রেজা বলেন, তাদের উদ্যোগে ৭ থেকে ৯ সেপ্টেম্বর ১৭তম নৌকাবাইচ আয়োজনের সব প্রস্তুতি চলছিল। এর মধ্যে জামায়াত নেতা জহুরুল ইসলাম পেনু একই ঘাটে বিএনপির মঞ্চের পাশে আরেকটি মঞ্চ নির্মাণ করে ৪ ও ৫ সেপ্টেম্বর প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি শুরু করেন। বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।
সেলিম রেজার ভাষ্য, নৌকাবাইচ উল্লাপাড়ার ঐতিহ্যবাহী আয়োজন। রাজনৈতিক বিরোধের কারণে এটি বন্ধ হয়ে যাওয়া কাম্য নয়। স্থানীয়দের সঙ্গে আলোচনা করে সবাইকে নিয়ে প্রতিযোগিতা আয়োজনের পথ বের করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
অন্যদিকে জামায়াতের নৌকাবাইচ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পেনু বলেন, তাদের পক্ষ থেকে ৪ ও ৫ সেপ্টেম্বর প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ টুকু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় তাঁর উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ অবস্থায় বিএনপির পক্ষ থেকে প্রশাসনের কাছে তাদের আয়োজন বন্ধের অভিযোগ করা হয়েছে বলে দাবি করেন তিনি। পরে জামায়াতের পক্ষ থেকেও প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হয়।
দুই পক্ষের অভিযোগের বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান বলেন, নৌকাবাইচ আয়োজন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ এসেছে। সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় উপজেলা প্রশাসন কালীগঞ্জ ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, বিএনপি ও জামায়াত একই স্থানে আলাদাভাবে নৌকাবাইচের আয়োজন করলেও কোনো পক্ষই প্রশাসনের অনুমতি নেয়নি। পরে দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করলে পুলিশ সম্ভাব্য আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কার কথা জানায়। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন নৌকাবাইচ বন্ধের সিদ্ধান্ত নেয় এবং ৪ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কালীগঞ্জ নৌকা ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করে।
এ বিষয়ে বক্তব্য জানতে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
সদ্য সংবাদ/এসএস