দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টাকারীদের কঠোর হাতে দমনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার রাতে পোশাক খাতের উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার সন্ধ্যা ৬টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী।
বৈঠকে সরকারপ্রধান কী নির্দেশনা দিয়েছেন এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী পরামর্শ ও দিকনির্দেশনা দিয়েছেন, যাতে পোশাকশ্রমিকদের স্বার্থ সুরক্ষিত থাকে, তাঁদের জীবনমান উন্নত হয় এবং বাংলাদেশে উৎপাদন ও উন্নয়ন কার্যক্রম ব্যাহত না হয়। পাশাপাশি রপ্তানি বাড়ানোর বিষয়েও গুরুত্ব দিতে বলেছেন তিনি। সব দিক বিবেচনায় নিয়েই পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করেছি, যারা সহিংসতার সঙ্গে জড়িত থাকবে, যারা উচ্ছৃঙ্খল আচরণ করবে, অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে, অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে, তাদের কঠোরভাবে দমন করা হবে।’
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন তাঁর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সদ্য সংবাদ/ এরআর