জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন উইং ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’ আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দেশের ক্রীড়া খাতের উন্নয়ন, সার্বিক তদারকি এবং তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে কাজ করবে সংগঠনটি।
নতুন এই অ্যালায়েন্সের আহ্বায়কের দায়িত্ব পালন করবেন ক্রীড়া সংগঠক ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম।
সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামীকাল সোমবার (২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে অ্যালায়েন্সটি।
এনসিপির একাধিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নতুন এই অ্যালায়েন্সে সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদেরও যুক্ত করা হচ্ছে। ধীরে ধীরে সংগঠনটির পরিধি বাড়ানো হবে।
এ বিষয়ে এম নাজমুল ইসলাম সংবাদমাধ্যমটিকে বলেন, ‘আমরা এনসিপির ক্রীড়া উইংয়ের হয়ে কাজ শুরু করতে যাচ্ছি। যেখানে ফাহিম ভাই আহ্বায়ক ও আমি সদস্যসচিব আছি। এ ছাড়া সাবেক খেলোয়াড় ও অন্য সংগঠকদের রাখা হচ্ছে। ধীরে ধীরে এর পরিধি বাড়বে। আমরা ক্রীড়াঙ্গনের উন্নয়ন নিয়ে কথা বলব। পরামর্শ দেব। শুধু ক্রিকেট নয়, সারা দেশের সব খেলা নিয়ে আমাদের কাজ হবে। ভুলত্রুটি থাকলে বলব। যারা দায়িত্বে থাকবেন, তাঁদের সঙ্গে প্রয়োজনে সংলাপে বসব। পরবর্তীতে ফান্ড পেলে আমরা নিজেরাও ক্রীড়া উন্নয়নে কাজ করব।’
সদ্য সংবাদ/ এরআর