‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ স্লোগান সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, গাছের চারা বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলহাস-উদ-জামান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান।
অনুষ্ঠানে চারজন সফল উদ্যোক্তার মধ্যে মোট ৬ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক আছাদুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন-অর রশিদ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আভাসের প্রকল্প ব্যবস্থাপক মো. সবুজ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আরিফুজ্জামান বলেন, যুবকরাই দেশের শক্তি। তাঁদের যথাযথ প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। উন্নত বাংলাদেশ গড়তে প্রশিক্ষিত যুবসমাজ গড়ে তোলা অপরিহার্য। দেশে এখনো বিপুল কর্মক্ষম যুবশক্তি রয়েছে, যা বড় সম্পদ। এই জনশক্তিকে কাজে লাগাতে হবে। যুবকেরা মেধাবী এবং বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা দেখাতে সক্ষম। তাঁরাই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলবেন।
সদ্য সংবাদ/ এরআর