মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি চেয়ে বাস মালিকদের পক্ষ থেকে করা আবেদন গ্রহণ করেননি হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদন রয়েছে এমন যানবাহনই কেবল সড়কে চলাচল করতে পারবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে বিআরটিএর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। তিনি জানান, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মহাসড়কে এসব বাস পরিচালনার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল।
শুনানিতে আইনজীবী আদালতের নজরে আনেন, সড়ক পরিবহন আইন-২০১৮-এর ৪০ ধারায় যানবাহনের কারিগরি বৈশিষ্ট্য ও নির্ধারিত স্পেসিফিকেশন মেনে চলার বিষয়টি উল্লেখ রয়েছে। নির্ধারিত কারিগরি মান লঙ্ঘন করা হলে তা আইনের ৮০ ও ৮৪ ধারার আওতায় অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।
এ ছাড়া সড়ক পরিবহন আইনের ২৮ ধারার বিষয়টিও আদালতের সামনে তুলে ধরা হয়। সেখানে রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারবে না বলে বিধান রয়েছে।
পরে বিআরটিএর আইনজীবী বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী বর্তমানে যেসব বাস চলাচলের জন্য বিআরটিএর অনুমোদন রয়েছে, সেগুলোই সড়কে চলতে পারবে। স্লিপার বাস পরিচালনার জন্য প্রয়োজনীয় অনুমোদন না থাকায় আদালতও এ ধরনের বাস চলাচলের অনুমতি দেননি।
সদ্য সংবাদ/এসএস