রাজধানীর উত্তরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ঘুষ লেনদেনের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমাকে মারধর করেছেন স্থানীয় লোকজন। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি ডিএনসিসি এলাকায় ফুটপাত উচ্ছেদ ও দখলমুক্ত রাখার দায়িত্বে রয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের মোড় পাকার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘুষ লেনদেনের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাঁরা ম্যাজিস্ট্রেটকে মারধর করেন। পরে তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জসিমউদ্দিন সড়কের পাকার মাথা এলাকায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের দিয়ে ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু করেন অতীশ দর্শী চাকমা। এ সময় তাঁর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশের কোনো সদস্য ছিলেন না।
এক হকার অভিযোগ করে বলেন, ‘আমাকে পথে বসিয়ে দিয়েছে। গতকাল আমার দোকানের ক্যাশ, সিগারেটসহ ২০ হাজার টাকার মাল নিয়ে নিয়েছে। এর আগে সিটি করপোরেশনে নিয়েছে পাঁচ হাজার টাকা। আমাকে কোনো স্লিপ দেয় নাই।’
ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অভিযানের সময় ম্যাজিস্ট্রেটের এক সহযোগী কম জরিমানা করিয়ে দেওয়ার কথা বলে এক দোকানদারের কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা নেন। পরে ওই ব্যক্তির কাছ থেকে টাকাটি উদ্ধার করা হয়।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে উত্তরা পশ্চিম থানা ও বিমানবন্দর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় লোকজন ওই ম্যাজিস্ট্রেটকে পুলিশের কাছে হস্তান্তর করেন।
ঘুষ লেনদেনের অভিযোগ অস্বীকার করে নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা বলেন, ‘আমি এক দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছি। পরে ওই দোকানদার বলেন, আমার কাছে টাকা নেই। একটু সময় দেন। পরবর্তীতে আমি তাকে সময় দিই।’
সদ্য সংবাদ/ এরআর