জমির সীমানা নির্ধারণ ও নামজারির কাজ করে দেওয়ার বিনিময়ে ঘুষ গ্রহণের অভিযোগে ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩ নভেম্বর) এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় দুদকের বিশেষ অভিযানে তাঁকে হাতেনাতে আটক করা হয়।
দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংশ্লিষ্ট সার্ভেয়ারের বিরুদ্ধে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগ ছিল। এরই ধারাবাহিকতায় অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করে ফাঁদ অভিযান পরিচালনা করা হয়।
দুদক সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. মনিরুল ইসলাম লালবাগ থানার চর-কামরাঙ্গী মৌজায় অবস্থিত ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন। জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি আলাদা করা এবং স্কেচম্যাপ তৈরির জন্য গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন তিনি।
আবেদনের পর প্রায় ছয় মাস বিভিন্নভাবে যোগাযোগ করেও কাজের অগ্রগতি না পেয়ে লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন মনিরুল ইসলাম। অভিযোগ অনুযায়ী, জমির সীমানা নির্ধারণ ও নামজারির কাজ সম্পন্ন করে দেওয়ার জন্য তাঁর কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করা হয়।
পরে বিষয়টি দুদককে জানিয়ে ঘুষ গ্রহণের সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করার অনুরোধ করেন অভিযোগকারী। এর পরিপ্রেক্ষিতে দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়ের একটি বিশেষ দল মঙ্গলবার পরিকল্পিত অভিযান চালায়। অভিযানের সময় এক লাখ টাকা গ্রহণের মুহূর্তে সার্ভেয়ার আসাদুল ইসলামকে আটক করা হয়।
দুদক জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি তাঁকে আদালতে সোপর্দ করার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সদ্য সংবাদ/এসএস