পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে শ্রমিক সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং গার্মেন্টস শিল্পের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন। শ্রমিকদের বিভিন্ন দাবি ও চলমান পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে একই দিন সকালে সচিবালয়ে পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের তিনি জানান, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে।
সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে কিছু পক্ষ শ্রমিকদের ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। নিষিদ্ধ সংগঠনের পক্ষ থেকে ইন্ধন দেওয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি। আন্দোলনের আড়ালে সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী।
মালিকপক্ষের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি জানান, শিল্পকারখানা বন্ধের পেছনে উদ্দেশ্যপ্রণোদিত ভূমিকা রয়েছে এমন কিছু প্রতিষ্ঠানের তালিকা মালিক নেতাদের কাছে চাওয়া হয়েছে। পাশাপাশি অস্থিরতা সৃষ্টির সঙ্গে জড়িত বলে সন্দেহ করা শ্রমিক সংগঠন ও নেতাদের তথ্যও দিতে বলা হয়েছে।
তবে শ্রমিকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে কোনো শ্রমিক বা শ্রমিক সংগঠন জড়িত থাকতে পারে না বলে নিজের বিশ্বাসের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সদ্য সংবাদ/এসএস