শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় চলমান আন্দোলনকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন স্থানীয় ছাত্রদল নেতা তমিজ উদ্দিন। তাঁর অভিযোগ, শ্রমিকদের ন্যায্য দাবিকে পুঁজি করে বহিরাগত একটি পক্ষ শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
তমিজ উদ্দিন বলেন, পোশাকশ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের প্রতি তাঁদের সমর্থন রয়েছে। তবে এই আন্দোলনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা, কারখানায় হামলা, ভাঙচুর কিংবা লুটপাটের ঘটনা মেনে নেওয়া যায় না।
তিনি আরও বলেন, শ্রমিকদের দাবি আদায়ের আন্দোলনে অনুপ্রবেশ করে কেউ ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ হাসিল করছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। বহিরাগতদের কারণে শিল্পাঞ্চলের স্বাভাবিক পরিবেশ ও উৎপাদন কার্যক্রম ক্ষতিগ্রস্ত হলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বেন শ্রমিকেরাই।
স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, শ্রমিকদের প্রকৃত দাবির সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন কিছু ব্যক্তি ও গোষ্ঠী পরিস্থিতির সুযোগ নিয়ে বিভিন্ন কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এতে শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়টি আড়ালে চলে যাওয়ার পাশাপাশি শিল্পাঞ্চলে অস্থিরতা বাড়ছে।
তাঁরা মনে করেন, শ্রমিকদের বেতন-ভাতা সংক্রান্ত সমস্যার সমাধানে মালিকপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। একই সঙ্গে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন যেন কোনোভাবেই সহিংসতায় রূপ না নেয়, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
সদ্য সংবাদ/এসএস