কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াত নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামানকে (৪০) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন আহত শাহরিয়ারকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাত পৌনে ১০টার দিকে মুঠোফোনে এশিয়া পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন আখতারুজ্জামান।
তিনি জানান, বুধবার সন্ধ্যায় গচিহাটা বাজারে গিয়েছিলেন তাঁর ছেলে শাহরিয়ার জামান। এ সময় দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাঁকে ছুরিকাঘাত করে।
আখতারুজ্জামান বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজ নিচ্ছেন বলেও জানান তিনি।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এ ঘটনায় জড়িত, তা প্রাথমিকভাবে জানা যায়নি।
অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
সদ্য সংবাদ/ এরআর