চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) টাস্কফোর্সের অভিযানে চোলাইমদ ও মদ তৈরির উপকরণ ওয়াশসহ পবন (৪২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন।
রোববার (৪ অক্টোবর) রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন রহনপুরের বড়বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক পবন ওই এলাকার শ্রী অভিমুন্য চৌধুরীর ছেলে।
ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানে তাঁর কাছ থেকে দুই লিটার চোলাইমদ ও ৬০ লিটার ওয়াশ উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তির বিরুদ্ধে অধিদপ্তরের উপপরিদর্শক মামুনুর রশীদ প্রসিকিউশন দাখিল করেন।
এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পবনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক (ডিডি)।
সদ্য সংবাদ/ এরআর