পর্যটকদের ভ্রমণ আরও সহজ ও ঝামেলামুক্ত করতে পরীক্ষামূলকভাবে ‘প্যাকেজ ভিসা’ ব্যবস্থা চালু করেছে সৌদি আরব। এই ব্যবস্থায় যোগ্য পর্যটকেরা বিমান টিকিট, আবাসন ও অন্যান্য ভ্রমণসুবিধাসহ সমন্বিত একটি প্যাকেজের মাধ্যমে সরাসরি পর্যটন ভিসার জন্য আবেদন করতে পারবেন।
মঙ্গলবার সৌদি প্রেস সংস্থার প্রতিবেদনে জানানো হয়, নির্দিষ্ট কয়েকটি পরীক্ষামূলক বাজারে অনুমোদিত ভ্রমণ ও পর্যটনসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে এই সুবিধা চালু করা হচ্ছে।
নতুন ব্যবস্থার আওতায় একটি সমন্বিত প্যাকেজের মধ্যেই যাওয়া-আসার বিমানভাড়া, অনুমোদিত আবাসনে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ভিসার আবেদন অন্তর্ভুক্ত থাকবে। ফলে পর্যটকদের আলাদাভাবে বিমান টিকিট, হোটেল বুকিং কিংবা ভিসার আবেদন করার প্রয়োজন হবে না।
এ ছাড়া ভ্রমণকারীরা চাইলে মূল প্যাকেজের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান, বিনোদনমূলক আয়োজন ও দর্শনীয় স্থান ভ্রমণের সুযোগও যুক্ত করতে পারবেন। তবে কেবল ডিজিটাল প্ল্যাটফর্ম, উন্নত প্রযুক্তিগত সক্ষমতা এবং সার্বক্ষণিক গ্রাহকসেবা দিতে সক্ষম অনুমোদিত ভ্রমণ প্রতিষ্ঠানগুলোই এই সেবা প্রদান করতে পারবে।
সৌদি আরবের ‘ভিশন-২০৩০’ কর্মপরিকল্পনার আওতায় পর্যটন খাতের সম্প্রসারণের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির পর্যটন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বীমা কর্তৃপক্ষের যৌথ সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
ইলেকট্রনিক ভিসা চালুর পর সৌদি আরব অন-অ্যারাইভাল ভিসা ও যাত্রাবিরতিকালীন ভিসাসহ পর্যটকদের জন্য একাধিক নমনীয় প্রবেশব্যবস্থা চালু করেছে। এসব উদ্যোগের ফলে দেশটিতে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ধারাবাহিকতায় ২০২৫ সালে সৌদি আরব ২ কোটি ৯০ লাখের বেশি আন্তর্জাতিক পর্যটককে স্বাগত জানিয়েছে।