জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে ধারাবাহিক কূটনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অধিবেশনের প্রথম দিনে তিনি জাতিসংঘের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং একাধিক দেশের সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করেন।
প্রধানমন্ত্রীর কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশজুড়ে ছিল রোহিঙ্গা সংকট। জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারেক রহমান।
এ ছাড়া জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালেহের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং তাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকগুলোতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা হয়।
নিউইয়র্কের তুর্কি হাউসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান। আলোচনায় বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন দুই নেতা। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তারা।
এরপর জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে সহযোগিতা বাড়ানো এবং দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে মতবিনিময় করেন তারা।
জাতিসংঘের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম দিনের কর্মসূচিতে মোট ১০টি সম্পৃক্ততা ছিল বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন। এসব কর্মসূচিতে বাংলাদেশের স্বার্থ, রোহিঙ্গা সংকট, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
অধিবেশনের পাশাপাশি আগামী দিনগুলোতেও একাধিক উচ্চপর্যায়ের বৈঠক ও সাইডলাইন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
সদ্য সংবাদ/এসকে