পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। এদিন প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পাঠদান ও নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশোধিত বার্ষিক ছুটির তালিকায় এ তথ্য জানানো হয়েছে। এর আগে ২৪ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি নির্ধারিত ছিল। পরে চাঁদ দেখার বিষয়টি বিবেচনায় নিয়ে ছুটির তারিখ পরিবর্তন করা হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ সংশোধন করে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
সংশোধিত ছুটির আওতায় রয়েছে দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।
তবে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ছুটির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। কোনো বিশ্ববিদ্যালয়ে এ উপলক্ষে ছুটি থাকলে সাধারণত প্রশাসনের পক্ষ থেকে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হয়।
ফাতেহা-ই-ইয়াজদাহম কী
‘ইয়াজদাহম’ শব্দটি ফারসি ভাষা থেকে এসেছে, যার অর্থ এগারো। হিজরি সনের রবিউস সানি মাসের ১১ তারিখে পালিত হওয়া ফাতিহা বা ফাতেহা শরিফকে ফাতেহা-ই-ইয়াজদাহম বলা হয়।
দক্ষিণ এশিয়ার সুফি ঐতিহ্যে দিনটি হজরত আবদুল কাদির জিলানি (রহ.)-এর ওফাত দিবস হিসেবে পালন করা হয়। ঐতিহাসিকভাবে হিজরি ৫৬১ সালের ১১ রবিউস সানিতে তার ইন্তেকাল হয় বলে উল্লেখ করা হয়। সুফিবাদের প্রসারে তার অবদানের কারণে এ অঞ্চলে দিনটির ধর্মীয় গুরুত্ব রয়েছে। অনেকের কাছে এটি ‘গেয়ারভি শরিফ’ নামেও পরিচিত।
সদ্য সংবাদ/এসএস