সামরিক শক্তি কিংবা চাপ প্রয়োগ করে কোনো জনগণকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে তেহরান ছাড়ার আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পেজেশকিয়ান বলেন, জাতিসংঘের অধিবেশনে ইরানের অবস্থান তুলে ধরার পাশাপাশি দেশটির জনগণের দুর্ভোগ, সংঘটিত বিভিন্ন ঘটনা এবং আন্তর্জাতিক পর্যায়ে তৈরি হওয়া অবিশ্বাসের বিষয়গুলো তুলে ধরবেন তিনি। এ সফরকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে ইরানের বক্তব্য উপস্থাপনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবেও উল্লেখ করেন তিনি।
ইরানের প্রেসিডেন্টের ভাষ্য, অতীতে তেহরান একাধিকবার আলোচনার টেবিলে বসেছে এবং বিভিন্ন চুক্তিতে সই করেছে। তবে তার দাবি, এসব চুক্তির প্রতিশ্রুতি পরবর্তী সময়ে রক্ষা করা হয়নি এবং লিখিত সমঝোতাও লঙ্ঘিত হয়েছে।
পেজেশকিয়ান আরও বলেন, সামরিক শক্তি প্রয়োগ করে কোনো জনগণকে আত্মসমর্পণে বাধ্য করা যায় না। গাজা, ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন ও ইরানসহ বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বাস্তবতার একটি চিত্র তুলে ধরছে বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের প্রেসিডেন্ট অভিযোগ করেন, তার দেশের ওপর চাপ বাড়াতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তার দাবি, স্থল ও আকাশপথে বাধা সৃষ্টি, অভ্যন্তরীণ বিভাজন উসকে দেওয়া এবং গণমাধ্যম ও জাতিগত গোষ্ঠীগুলোকে কাজে লাগানোর মাধ্যমে ইরানকে ভেতর থেকে দুর্বল করার চেষ্টা চলছে।
তিনি বলেন, সামরিক পদ্ধতিতে লক্ষ্য অর্জন করা সম্ভব না হওয়ায় বিরোধীরা এখন অন্য উপায়ে চাপ তৈরির চেষ্টা করছে।
এদিকে নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে বুধবার পেজেশকিয়ানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সফরের আগে তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক মঞ্চে ইরানের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরাই হবে তার অন্যতম প্রধান লক্ষ্য।
সদ্য সংবাদ/এসকে