সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনকে বিদেশ যেতে নিষেধ করেছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলার তদন্তের স্বার্থে তার দেশত্যাগ ঠেকাতে এ আদেশ দেওয়া হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর শুনানি শেষে আদেশটি দেন।
দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা আফনান জান্নাত কেয়া আদালতে ইমা ক্লেয়ার বার্টনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আবেদন করেন।
দুদকের আবেদনে অভিযোগ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব নির্ধারিত ফরমে কমিশনে জমা না দেওয়ার মাধ্যমে ইমা ক্লেয়ার বার্টন আইন লঙ্ঘন করেছেন। পাশাপাশি তার নামে ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ থাকার অভিযোগও আনা হয়েছে।
দুদক জানায়, এসব অভিযোগে গত বছরের ৪ জুন তার বিরুদ্ধে মামলা করা হয়। বর্তমানে মামলাটির তদন্ত চলছে।
তদন্ত চলাকালে ইমা ক্লেয়ার বার্টন দেশ ছেড়ে বিদেশে চলে যাওয়ার চেষ্টা করছেন এমন তথ্য পাওয়ার কথা আদালতকে জানিয়েছে দুদক। তিনি দেশের বাইরে চলে গেলে মামলার সঙ্গে সংশ্লিষ্ট নথি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে জটিলতা তৈরি হতে পারে বলে আবেদনে উল্লেখ করা হয়।
এ ছাড়া তার বিদেশযাত্রার কারণে তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি। এসব বিষয় বিবেচনায় নিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়।
শুনানি শেষে আদালত দুদকের আবেদন গ্রহণ করে ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।
সদ্য সংবাদ/এসএস