টাঙ্গাইলের মির্জাপুরে শওকত হোসেন ফালু নামে আওয়ামী লীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২৪ সালের আন্দোলন ঘিরে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে মির্জাপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, শওকত হোসেন ফালু ওই মামলার এজাহারভুক্ত আসামি। তিনি গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং বর্তমানে সংগঠনটির সদস্য হিসেবে রয়েছেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে। ওই সময় হাইওয়ে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে।
পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও ছররা গুলি ছোড়ে। এ ঘটনায় হিমেল নামে এক আন্দোলনকারীর দুই চোখের দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার অভিযোগ রয়েছে।
পরে হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে টাঙ্গাইল আদালতে মামলা করেন। মামলায় পুলিশ, সংবাদকর্মীসহ ১০০ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে শওকত হোসেন ফালুর নাম ছয় নম্বর আসামি হিসেবে রয়েছে।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফালুকে গ্রেপ্তার করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, হিমেলের মা নাছিমা বেগমের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শওকত হোসেন ফালুকে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
সদ্য সংবাদ/এসএস