বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক প্যানেল মেয়র ও আওয়ামী লীগ নেতা এনামুল হক বাহারকে বাসায় না পেয়ে তাঁর ১৬ বছর বয়সী ছেলেকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বিরুদ্ধে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নগরের দরগাবাড়ি সড়কের তিতুমীর লেনে এ ঘটনা ঘটে। এরই মধ্যে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আটক কিশোর বাফতিন আহমেদ জিহান বরিশাল জিলা স্কুল থেকে এ বছর এসএসসি পাস করেছে। তার মা সাথী আক্তারের দাবি, তাঁর স্বামী বাহার সব মামলায় জামিনে রয়েছেন। তাঁকে আটক করতে পুলিশ বাসায় অভিযান চালালেও না পেয়ে নাবালক ছেলেকে টেনেহিঁচড়ে নিয়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সাদা পোশাকে ডিবি পুলিশের কয়েকজন সদস্য কিশোর জিহানকে টেনে নিয়ে যাচ্ছেন। এ সময় তাঁর মা বাধা দেওয়ার চেষ্টা করেন। চিৎকার ও হইচইয়ের মধ্যে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। একপর্যায়ে ধাক্কায় পড়ে যান সাথী আক্তার। পরে একটি পুলিশ পিকআপে করে জিহানকে নিয়ে যাওয়া হয়।
সাথী আক্তার বলেন, তাঁর স্বামী জোহরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পর বাসার সামনে হঠাৎ ধস্তাধস্তির শব্দ শুনতে পান। বাইরে এসে তিনি দেখতে পান, তাঁর ছেলেকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। তখন পুলিশকে বাহারের সব মামলায় জামিনে থাকার কথা জানিয়ে কাগজপত্র দেখানোর কথা বলেন। কিন্তু তিনজন পুলিশ সদস্য তাঁর ছেলেকে নিয়ে যান। বাধা দিতে গেলে তাঁকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, তাঁর ছেলেকে গামছা পেঁচিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশকে তিনি বলেন, তাঁর ছেলে নাবালক এবং থানা-পুলিশের কোনো কিছুই চেনে না।
এ বিষয়ে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিমের মুঠোফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি। সূত্র: আগামীর সময়
সদ্য সংবাদ/ এআর