বিদেশি অস্ত্র রাখার অভিযোগে ভারতের পাঞ্জাবের আলোচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর মনপ্রীত সিং ওরফে মনি শোকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার দুই সহযোগী দিলপ্রীত সিং ও মেহের সিং প্রিন্সকেও আটক করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে পাঁচটি পিস্তল ও পাঁচটি তাজা কার্তুজ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে অস্ট্রিয়ায় তৈরি একটি গ্লক ১৯ জেন৪, রোমানিয়ার একটি কুগির মডেল টিটি-সি এবং জার্মানির তৈরি দুটি ওয়ালথার পিপি রয়েছে। এ ছাড়া আরও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
জালন্ধরের ডিসিপি আদিত্য ওয়ারিয়র জানান, নিষিদ্ধ অস্ত্রের অবৈধ সরবরাহের সঙ্গে যুক্ত একটি সন্দেহভাজন চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়। এডিসিপি-২ মাধবী শর্মার নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে মনি শোকার, দিলপ্রীত সিং ও মেহের সিং প্রিন্সকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৮ সেপ্টেম্বর জাণ্ডিয়ালা মোড়ে যানবাহনে তল্লাশি চলাকালে একটি মাহিন্দ্রা স্করপিও থামানো হয়। গাড়িতে থাকা ব্যক্তিদের কাছে ড্রাইভিং লাইসেন্স ও পরিচয়পত্র দেখতে চাইলে তাদের একজন হঠাৎ পিস্তল বের করে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেন।
পুলিশের ভাষ্য, এক কর্মকর্তা দ্রুত ওই ব্যক্তির হাত ধরে তাকে এক পাশে সরিয়ে নিতে সক্ষম হন। এরপরও ওই ব্যক্তি পরপর দুটি গুলি ছোড়েন। গুলি গিয়ে রাস্তার পাশের একটি খাবারের হোটেলের দেয়ালে লাগে। পরে পুলিশ গাড়িতে থাকা দুজনকে আটক করতে সক্ষম হয়।
ঘটনার সময় গুলি চালানো ব্যক্তিকে মনি শোকার এবং স্করপিওটির চালককে দিলপ্রীত সিং হিসেবে শনাক্ত করে পুলিশ। পরে তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে তিনটি কার্তুজসহ গুলি চালাতে ব্যবহৃত গ্লক পিস্তলটি জব্দ করা হয়।
পুলিশের দাবি, পরবর্তী জিজ্ঞাসাবাদে আরও চারটি পিস্তল ও দুটি তাজা কার্তুজের সন্ধান পাওয়া যায়। সব মিলিয়ে পাঁচটি পিস্তল ও পাঁচটি তাজা কার্তুজ জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ১০৯ ধারা এবং অস্ত্র আইনের ২৫/২৭-৫৪-৫৯ ধারায় সদর থানায় মামলা করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র কোথা থেকে এসেছে এবং অভিযুক্তরা কোন নেটওয়ার্কের মাধ্যমে এসব অস্ত্র পেয়েছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
সদ্য সংবাদ/ এআর