মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আগামী ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিন দিনের এই সফর শেষ হবে ২৫ সেপ্টেম্বর। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
সফরে শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে। দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিকের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে দুই নেতা আলোচনা করবেন বলে জানিয়েছে বেইজিং। বৈঠকের আলোচনায় বিশ্বশান্তি ও উন্নয়নও গুরুত্ব পাবে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, অল্প সময়ের ব্যবধানে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের পারস্পরিক সফর গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করছে। তাঁর মতে, এ ধরনের উচ্চপর্যায়ের যোগাযোগ চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনার সুযোগ আরও বাড়াবে।
বেইজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াশিংটনের সঙ্গে মতপার্থক্যগুলো আলোচনার মাধ্যমে সামাল দেওয়ার পাশাপাশি সহযোগিতার ক্ষেত্রগুলো সম্প্রসারণে আগ্রহী চীন। দুই দেশের জনগণের জীবনমান উন্নয়ন এবং আন্তর্জাতিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের নানা টানাপোড়েনের মধ্যেই শি জিনপিংয়ের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। এর আগে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে সরাসরি যোগাযোগও হয়েছে; এবার যুক্তরাষ্ট্রে তাদের নতুন বৈঠকের দিকে আন্তর্জাতিক মহলের নজর রয়েছে।
সদ্য সংবাদ/এসএস