কুড়িগ্রাম সীমান্তে পৃথক বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য ও চোরাচালানি সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ধারাবাহিকভাবে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় ওষুধ, প্যান্টের পিস, গবাদিপশুসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা পণ্যগুলোর সিজার মূল্য ৯ লাখ ৭৯ হাজার ১৫০ টাকা।
সীমান্তে মাদক, চোরাচালান এবং অন্যান্য অপরাধ দমনে নিয়মিত নজরদারির পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন। সীমান্ত এলাকায় অবৈধভাবে পণ্য আনা-নেওয়া বন্ধে টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাকারবারিদের তৎপরতা প্রতিরোধে সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এ ধরনের অভিযান ও নজরদারি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
সদ্য সংবাদ/এসকে