ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনরায় চাকরিতে ফেরানোর দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকরিচ্যুত ব্যাংকারদের একটি অংশ। একই কর্মসূচি থেকে সচিবালয়ে বিক্ষোভকারীদের ওপর হামলার অভিযোগেরও প্রতিবাদ জানানো হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পটিয়া মডেল মসজিদের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণির মানুষ।
আন্দোলনকারীদের সূত্রে জানা যায়, দুপুর ১টা ১০ মিনিটের দিকে তারা মহাসড়কে অবস্থান নেন। এতে পটিয়া অংশে চট্টগ্রাম ও কক্সবাজার অভিমুখী যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে আটকা পড়ে বিপুলসংখ্যক যানবাহন।
অবরোধের খবর পেয়ে পটিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেয়। দুপুর দেড়টার দিকে পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে। এ সময় তাদের দাবিগুলো নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন বিক্ষোভকারীরা। প্রায় দেড় ঘণ্টা পর দুপুর আড়াইটার দিকে তারা মহাসড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
আন্দোলনকারীদের অভিযোগ, ইসলামী ব্যাংক থেকে ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরি হারানো এসব কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি বা বৈষম্য না করে তাদের পূর্বের পদে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।
কর্মসূচিতে অংশ নেওয়া মো. মাশরাফ বলেন, চাকরিচ্যুত ব্যাংকারদের দ্রুত পুনর্বহাল করে কর্মস্থলে ফেরানোর ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান তিনি।
আরেক আন্দোলনকারী মো. তৌকির বলেন, চাকরিচ্যুত ব্যাংকারদের বিষয়ে দ্রুত সমাধান না হলে আন্দোলন অব্যাহত থাকবে। দাবি বাস্তবায়নে প্রয়োজন হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথাও জানান তিনি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে। পাশাপাশি আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সদ্য সংবাদ/এসএস