নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়কের পাশে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের একটি বাসে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডটি নাশকতা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩৫ মিনিট থেকে ২টার মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও ঈদগাহ মাঠসংলগ্ন নতুন সড়কের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সড়কের পাশে পার্কিং করে রাখা বাসটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। পরে আগুন দ্রুত বাসটির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের কেউ কেউ অজ্ঞাত ব্যক্তিদের আগুন দেওয়ার সন্দেহের কথা জানিয়েছেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ২টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে বাসটির সিটসহ কয়েকটি অংশ পুড়ে যায়।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) তারেক আল মেহেদী জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। আগুন লাগার প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সদ্য সংবাদ/এসকে