কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে আটক শাহরিয়ার আনাসকে ছেড়ে দিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি।
জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে আনাসের সম্পৃক্ততার কোনো তথ্য না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এসআরবি-১১-এর সিপিসি-২ অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অপ্রতিম হত্যাকাণ্ডের পর শনিবার বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে সন্দেহজনক অবস্থায় শাহরিয়ার আনাসকে আটক করা হয়। পরে তাকে এসআরবির হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
রাতভর জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে আনাসের সংশ্লিষ্টতার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান এসআরবি কর্মকর্তা।
এরপর রোববার দুপুর ২টার আগেই তাকে ছেড়ে দেওয়া হয়।
তবে তদন্তের প্রয়োজনে ভবিষ্যতে শাহরিয়ার আনাসকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে জানিয়েছে এসআরবি।
অপ্রতিম হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
সদ্য সংবাদ/এসকে