হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতের ঘটনা ঘটেছে। এতে জাহাজটির দুই নাবিক সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।
সোমবার সামরিক কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ইউকেএমটিও জানায়, ট্যাংকারটি প্রণালীতে প্রবেশের পথে ছিল। এ সময় কোনো একটি অজ্ঞাত প্রজেক্টাইল জাহাজটিতে আঘাত হানে।
ঘটনার পর আহত দুই ক্রুকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত হলেও ট্যাংকারটি নিজস্ব শক্তিতে চলাচল করতে সক্ষম রয়েছে এবং পরবর্তী বন্দরের দিকে যাত্রা অব্যাহত রেখেছে। জাহাজটির পরিচয় বা প্রজেক্টাইলটি কোথা থেকে ছোড়া হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ইউকেএমটিও। সন্দেহজনক কোনো তৎপরতা চোখে পড়লে তা দ্রুত সংস্থাটিকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
আঞ্চলিক উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগের মধ্যেই নতুন করে ট্যাংকারে হামলার ঘটনা সামনে এলো। সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে কমেছে।
সদ্য সংবাদ/এসএস