জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে পৌঁছেছে ইরানের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। এতে দেশটির প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও রয়েছেন।
অধিবেশন শুরুর আগে জাতিসংঘ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কে পৌঁছে আরাঘচি দাবি করেছেন, বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার কারণে জাতিসংঘের ওপর ইরানের আস্থা নষ্ট হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তাদের কথিত যুদ্ধ এবং পরবর্তী পরিস্থিতির মধ্যেই এবারের সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। এ অবস্থায় আন্তর্জাতিক এ মঞ্চকে ব্যবহার করে ইরানের জনগণের অধিকার, বৈধতা ও স্বার্থ তুলে ধরাকে তারা গুরুত্ব দিচ্ছেন।
আরাঘচি বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘের ব্যর্থতা সংস্থাটির বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করেছে। তার মতে, এ কারণে জাতিসংঘের প্রতি অনেকের আস্থা ক্ষুণ্ণ হয়েছে, এমনকি কারও কারও ক্ষেত্রে তা পুরোপুরি হারিয়ে গেছে।
এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মূল প্রতিপাদ্য ‘আস্থা পুনরুদ্ধার’। সেই প্রসঙ্গ টেনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আইন ও মানবিক মূল্যবোধকে উপেক্ষা করে কিছু রাষ্ট্র নিজেদের এবং তাদের মিত্রদের জন্য দায়মুক্তির সুযোগ তৈরি করছে।
তার অভিযোগ, এর ফলে ইসরায়েলের মতো একটি ‘অপরাধী সত্তা’ নিজেদের ইচ্ছামতো কর্মকাণ্ড চালানোর সুযোগ পাচ্ছে। একই সঙ্গে মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইনের পক্ষে অবস্থানের দাবি করা পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলো এসব ঘটনায় নীরব ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এসব বক্তব্য এমন সময়ে এলো, যখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও বিভিন্ন বৈশ্বিক সংকট নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সদ্য সংবাদ/এসএস