সুনামগঞ্জের ছাতকে কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই পক্ষের পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের নবীনবরণকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে একই সময়ে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় পৃথক মিছিল বের করে ছাত্রদল ও ছাত্রশিবির। একপর্যায়ে মিছিল দুটি কাছাকাছি এলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উভয়পক্ষ পরস্পরের দিকে ইটপাটকেল ছুড়তে থাকে।
এ ঘটনার প্রভাবে গোবিন্দগঞ্জ পয়েন্টে যান চলাচল ব্যাহত হয়। সিলেট-সুনামগঞ্জ ও ছাতক সড়কে যানবাহনের চাপ বেড়ে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
স্থানীয়দের ভাষ্য, কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে ঘিরে কয়েক দিন ধরেই ছাত্রদল ও ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল। এর মধ্যেই বৃহস্পতিবার দুই পক্ষ পৃথক কর্মসূচি নিয়ে একই এলাকায় অবস্থান করলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় কয়েকজন পথচারী আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
তবে সংঘর্ষে গুরুতর হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ছাতক থানার উপপরিদর্শক (এসআই) ভক্ত চন্দ্র দত্ত জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। ঘটনার পর এলাকায় অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
সদ্য সংবাদ/এসএস