সাভারের আশুলিয়ার গাজিরচট এলাকায় একটি বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় আটটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ঘরবাড়ির আসবাবপত্র, প্রয়োজনীয় মালামালসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে আশুলিয়ার উত্তর গাজীরচটের ভূঁইয়াপাড়া এলাকায় এতিমখানা মাদ্রাসার পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ একটি বসতবাড়িতে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেশি থাকায় কিছু বুঝে ওঠার আগেই বাড়ির প্রায় আটটি কক্ষ আগুনে পুড়ে যায়।
এ সময় পরিবারের সদস্যরা প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেক মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুনে কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একই সঙ্গে স্থানীয়রা জানান সূত্রপাত কীভাবে হয়েছে, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারিতে ঘটনাস্থলে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তর পরে জানা যাবে।
সদ্য সংবাদ/এসকে