সিরাজগঞ্জের চরাঞ্চল চৌহালী উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বরাদ্দ করা সরকারি ত্রাণের ৮০ বস্তা চাল কালোবাজারে বিক্রি করার অভিযোগ উঠেছে।
খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে সংশ্লিষ্ট গোডাউন থেকে বাকি ৫২০ বস্তা চাল উদ্ধার করে সিলগালা করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান পলাতক রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে চৌহালী উপজেলার সাতটি ইউনিয়নে সাম্প্রতিক বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত দুস্থ মানুষের মধ্যে বিতরণের জন্য মোট ৫৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী, দুর্যোগকবলিত প্রতিটি অসহায় পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়ার কথা। এর অংশ হিসেবে বাঘুটিয়া ইউনিয়নের জন্য ১৮ মেট্রিক টন বা ৬০০ বস্তা চাল বরাদ্দ পেয়ে হস্তান্তর করা হয়েছিল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. সাইদুর রহমানের কাছে।
তবে বরাদ্দের চাল সাধারণ মানুষের মধ্যে সম্পূর্ণ বিতরণ না করে ৮০ বস্তা চাল কালোবাজারে বিক্রি করে দেওয়া হয়েছে—এমন গোপন সংবাদ পায় প্রশাসন।
বিষয়টি জানতে পেরে গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে বাঘুটিয়া ইউনিয়নের সংশ্লিষ্ট সরকারি গোডাউনে সরাসরি অভিযানে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান শাকিল।
অভিযানকালে গোডাউনে নির্ধারিত ৬০০ বস্তার জায়গায় পাওয়া যায় ৫২০ বস্তা চাল। অর্থাৎ হিসাব অনুযায়ী, বাকি ৮০ বস্তা চালের কোনো সন্ধান মেলেনি। তাৎক্ষণিকভাবে গোডাউনে থাকা ৫২০ বস্তা চাল জব্দ করে সিলগালা করে দেয় উপজেলা প্রশাসন।
এ বিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান শাকিল জানান, ‘অভিযানে আমরা ৬০০ বস্তার স্থলে ৫২০ বস্তা চাল পেয়েছি। বিষয়টি নিয়ে জবাবদিহির জন্য বাঘুটিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. সাইদুর রহমানকে ডাকা হলেও তিনি উপস্থিত হননি।’
তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন। এই আত্মসাতের ঘটনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান মো. সাইদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।
দুর্গত ও ভাঙনকবলিত এলাকার দুস্থদের জন্য বরাদ্দ চাল আত্মসাতের এই ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
সদ্য সংবাদ/ এআর