নিজের পিএইচডি গবেষণার বিষয় নির্ধারণের পেছনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শ ছিল বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তাঁর ভাষ্য, উচ্চশিক্ষা নিয়ে কাজ করার সময় লন্ডনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হলে তিনি গবেষণার বিষয় পরিবর্তনের পরামর্শ দেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার স্বীকৃতি হিসেবে আয়োজিত ‘এমজিআই-এমএএ স্কলারশিপ ২০২৬’ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, মালয়েশিয়ায় অবস্থানকালে তিনি গবেষণা করার সিদ্ধান্ত নেন। পরে লন্ডনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সময় নিজের উচ্চশিক্ষা-সংক্রান্ত গবেষণার বিষয়টি তাঁকে দেখান।
এহছানুল হক মিলনের বক্তব্য অনুযায়ী, তখন তারেক রহমান তাঁর গবেষণার বিষয় দেখে মন্তব্য করেন- ভবিষ্যতে সুযোগ পেলে তাঁকে শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করানোর কথা ভেবেছিলেন। তবে গবেষণার বিষয় দেখে তাঁর মত পরিবর্তন হয়।
শিক্ষামন্ত্রীর দাবি, এরপর তারেক রহমান তাঁর গবেষণার বিষয় থেকে ‘হায়ার’ শব্দটি বাদ দিয়ে সেখানে ‘টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেইনিং’ বা TVET যুক্ত করে দেন। এটিকে তিনি তারেক রহমানের চিন্তাভাবনা ও দূরদর্শিতার উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে দেশের তরুণদের মেধা ও সম্ভাবনার কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের মানুষের মেধা বিশ্বের অন্য দেশের নাগরিকদের তুলনায় কোনো অংশে কম নয়। নিজেদের সক্ষমতা কাজে লাগিয়ে বাংলাদেশকেও উন্নত দেশের কাতারে নেওয়া সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
চীনের উন্নয়নের উদাহরণ টেনে এহছানুল হক মিলন বলেন, দেশটির অগ্রগতির পেছনে নিজেদের সক্ষমতা ও উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশও নিজস্ব প্রচেষ্টায় উন্নতির পথে এগিয়ে যেতে পারে।
এ সময় দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে সমন্বয়ের ঘাটতি নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তাঁর মতে, বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যকর যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো প্রয়োজন।
চীনের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সেখানে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে কারিগরি শিক্ষার সরাসরি সংযোগ রয়েছে। শিল্পের প্রকৌশলীরা শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দেন এবং শিক্ষার্থীরাও কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়। বাংলাদেশেও এমন সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অ্যালামনাই ও মেঘনা গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসকে