সারাদিনের গরমের মধ্যে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকার পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় কোথাও কোথাও হালকা বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে, রাতের মধ্যে রাজধানীতে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে। এতে দিনের গরম কিছুটা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার দুপুর ১২টায় ঢাকায় ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। একই সময়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৩ শতাংশ।
সদ্য সংবাদ/এসকে