রাজধানীর গুরুত্বপূর্ণ দুই থানা গুলশান মডেল ও বনানীতে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (২৩ সেপ্টেম্বর) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা আদেশে আবু জায়েদ মো. নাজমুন নুরকে গুলশান মডেল থানার ওসি এবং মো. সালাউদ্দিনকে বনানী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে বনানী থানার বর্তমান ওসি মো. ফরিদুল ইসলামকে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিভাগে বদলি করা হয়েছে।
এর আগে, গত ১৬ সেপ্টেম্বর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিলের ঘটনায় গুলশান মডেল থানার তৎকালীন ওসি মো. দাউদ হোসেনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। পরে গুলশান বিভাগের অন্যান্য কর্মকর্তার পদেও রদবদল করা হয়।
সর্বশেষ নতুন ওসি পদায়নের মধ্য দিয়ে গুলশান ও বনানী থানার নেতৃত্বে পরিবর্তন এলো।
সদ্য সংবাদ/এসকে