দেশে অস্থিতিশীলতা তৈরির যেকোনো প্রচেষ্টা মোকাবিলায় সরকার ও বিএনপি প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে এখনই দেশে আসতে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে ইয়াসের খান চৌধুরী অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থান করা আওয়ামী লীগের নেতৃত্বের নির্দেশনায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। তাঁর দাবি, দলটির অনেক নেতা দেশের বাইরে চলে গেলেও কিছু নেতা দেশে থেকে নানা ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন।
শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ডিসেম্বর নয়, এখনই দেশে এসে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর ও শাস্তিমূলক বক্তব্য দেন।
ইয়াসের খান চৌধুরী আরও বলেন, নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির যেকোনো অপচেষ্টা আইনগতভাবে মোকাবিলা করা হবে। জড়িতদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার কথাও জানান তিনি।
এর আগে দুপুরে কিশোরগঞ্জ শহরের রথখোলা এলাকা থেকে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। প্রতিমন্ত্রীর নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ী মোড় এলাকায় গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনসহ দলটির অন্যান্য নেতারা।
জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন।
সদ্য সংবাদ/এসকে