চাঁদপুরের মতলব উত্তর থেকে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রকে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম রাতুল দেবনাথ। সে ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং ছেংগারচর বাজারের স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ চন্দ্র দেবনাথের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর রাতুল নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্য ও স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। একই সময়ে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
নিখোঁজের কয়েক ঘণ্টা পর সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাতুলের ফেসবুক পেজে ‘Miss you Ma’ লেখা একটি স্ট্যাটাস দেখতে পান পরিবারের সদস্যরা। বিষয়টি জানাজানি হলে উদ্বেগ আরও বাড়ে। সম্প্রতি কুমিল্লায় একটি হত্যাকাণ্ডের ঘটনার প্রেক্ষাপটে পরিবারের মধ্যে আতঙ্কও তৈরি হয়।
পরে রাতুলের বাবা মতলব উত্তর থানায় সাধারণ ডায়েরি করেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় তাকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ।
মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে পুলিশের একটি দল রাতুলের সন্ধানে কাজ শুরু করে। অভিযানে এসআই জীবন চৌধুরী ও এএসআই রবিউল হোসেনসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
পুলিশ জানায়, রাতুলের সম্ভাব্য গতিবিধি, বিভিন্ন তথ্য এবং প্রযুক্তিগত উপাত্ত বিশ্লেষণ করে তার অবস্থান শনাক্ত করা হয়। পরে সেই তথ্যের ভিত্তিতে বান্দরবান সদর থানার আওতাধীন দুর্গম পাহাড়ি এলাকা ১২ মাইলে অভিযান চালানো হয়।
অভিযান শেষে সেখান থেকে রাতুলকে উদ্ধার করে পুলিশ। পরে প্রয়োজনীয় আইনগত ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো বিপদে দ্রুত সাড়া দিতে জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।
সদ্য সংবাদ/এসকে