এইচএসসি ও সমমান পরীক্ষার ফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের জন্য সম্ভাব্য সময় জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সবকিছু ঠিক থাকলে আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। এ লক্ষ্যে ইতোমধ্যে ফল প্রস্তুতের কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
তিনি জানান, নভেম্বরের ৭ থেকে ১৫ তারিখের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। পরীক্ষার খাতা মূল্যায়নসহ ফল প্রস্তুতের আনুষঙ্গিক কার্যক্রম চলমান রয়েছে।
এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রাকৃতিক দুর্যোগের কারণে কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। ফলে অন্যান্য বোর্ডের তুলনায় সেখানে পরীক্ষা শেষ করতে কিছুটা বেশি সময় লেগেছে। চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো শেষ হয় গত ৯ সেপ্টেম্বর।
তবে ফল প্রকাশে যাতে অতিরিক্ত সময় না লাগে, সে জন্য ওই বোর্ডে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পরীক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। ফলে নির্ধারিত সময়সীমার মধ্যেই ফল প্রস্তুত করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই। পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন। সারাদেশে পরীক্ষার্থীদের জন্য কেন্দ্র ছিল ২ হাজার ৬৯৭টি।
এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। এসব শিক্ষার্থীর পরীক্ষা অনুষ্ঠিত হয় ১ হাজার ৬২৬টি কেন্দ্রে।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে পরীক্ষা দেন ৯২ হাজার ৯০৫ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন।
বোর্ডভিত্তিক হিসাবে এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডের ৩ লাখ ৩৯৩ জন শিক্ষার্থী ৩১০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন।
এ ছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন, যশোরে ১ লাখ ১৭ হাজার ২১০ জন, দিনাজপুরে ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন, চট্টগ্রামে ৯৯ হাজার ৬৮৮ জন এবং কুমিল্লায় ৯৪ হাজার ৮০২ জন পরীক্ষার্থী ছিলেন।
অন্যদিকে, ময়মনসিংহ বোর্ডে ৭৩ হাজার ৩৭ জন, সিলেট বোর্ডে ৭১ হাজার ৭১১ জন এবং বরিশাল বোর্ডে ৫৮ হাজার ৬৬৪ জন শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেন।
ফল প্রকাশের চূড়ান্ত তারিখ এখনও নির্ধারিত না হলেও ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যেই সংশ্লিষ্ট বোর্ডগুলো প্রস্তুতি নিচ্ছে।
সদ্য সংবাদ/এসকে