মেহেরপুরের গাংনী উপজেলার চর গোয়াল গ্রামের সরদারপাড়ায় একটি বোমা সদৃশ বস্তু ও হুমকিসংবলিত চিরকুট উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সরদারপাড়ার সোনালী বাংলা ক্লাবের পাশে সাদবকের বড়ার দোকানের একটি বেঞ্চের ওপর বস্তুটি দেখতে পান স্থানীয়রা। এর পাশেই একটি চিরকুট পড়ে ছিল। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে আশপাশের লোকজন জড়ো হন।
পরে খবর দেওয়া হলে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি ও চিরকুটটি নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চিরকুটে কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করে নানা ধরনের অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে দাবি করা টাকা না দিলে আরও ঘটনা ঘটানোর হুমকি দেওয়া হয়েছে। চিরকুটের একাংশে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ কথাটিও লেখা রয়েছে।
এ ছাড়া কয়েকজনকে উদ্দেশ করে আপত্তিকর ভাষায় অভিযোগের পাশাপাশি টাকা না দিলে উদ্ধার হওয়া বস্তুটিকে ‘নমুনা মাত্র’ হিসেবে উল্লেখ করে হুমকি দেওয়ার কথা চিরকুটে রয়েছে বলে জানা গেছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
তবে উদ্ধার হওয়া বস্তুটি আদৌ বিস্ফোরক বা বোমা কি না, তা এখনো নিশ্চিত নয়। পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
সদ্য সংবাদ/এসএস