ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় প্রদর্শনের জন্য রাখা পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর একটি ছবি ভাঙচুর করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, এক ব্যক্তি ‘ছি ছি জিন্নাহ’ বলতে বলতে সংগ্রহশালায় রাখা ছবিটি ভেঙে ফেলছেন। তবে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
এর আগে সংস্কারকাজ শেষে রোববার আনুষ্ঠানিকভাবে সংগ্রহশালাটি চালু করে ডাকসু। সেখানে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি প্রদর্শনের জন্য রাখা হয়।
প্রদর্শিত ছবিগুলোর মধ্যে একটি ছিল ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের। ওই অনুষ্ঠানে জিন্নাহ পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে প্রতিষ্ঠার পক্ষে বক্তব্য দেন এবং ‘কেবল উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’ বলে ঘোষণা করেন।
ছবিটি সংগ্রহশালায় যুক্ত করার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে এ নিয়ে আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দেয়।
এর মধ্যেই সোমবার দুপুরে সংগ্রহশালায় থাকা জিন্নাহর ছবির একটি ভেঙে ফেলার ঘটনা ঘটে। ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এ ঘটনায় ছবিটি কে বা কারা ভাঙচুর করেছে এবং এর পেছনে কোনো নির্দিষ্ট কারণ বা পরিকল্পনা ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সদ্য সংবাদ/এসকে